Showing posts with label কাব্য. Show all posts
Showing posts with label কাব্য. Show all posts

Wednesday, April 29, 2020

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে
আমার চোখের স্বপ্নগুলো
দূর আকাশ হতে
ঝড়ে পড়ে বৃষ্টির সাথে
পত্র-পল্লবে নেঁচে বেড়ায়,
গেয়ে যায় নতুন শাখার সুরের তালে,
মিশে যায় ধূলিকণায়,  
ভেসে যায় দূরে কোথাও!

আজ আমার স্বপ্নগুলো
স্রোতের মত গড়িয়ে পড়ে নালা-নর্দমায়,
কিছু জড়ো হয়ে থাকে মৃত্তিকার সাথে,
কিছু শুকিয়ে যায়, 
আর কিছু চলে যায় নদীর পথে
মিশে যায় নীল সমুদ্রে,
পৃথিবীর সকল স্বপ্নের মাঝে লীন হয়ে যায়,
আসে না ফিরে; 
আমার স্বপ্নগুলো; আসে না আর ফিরে।

________
২৮.০৪.১৮

Tuesday, January 22, 2019

ঘুণে ধরা স্বপন

রঙের দুনিয়ায় সবাই রঙ ছুড়ে
আমার দেহে ক্রমশ ঘুণে ধরে।
জ্যোতির্ময় জ্যোতি আকাশে টলমল
আমার চোখে তখন জলে ছলছল
নিভৃতে ঘরের কোণে পরে ঝরে
যখন সকলে চলে যায় দূরে সরে।
বিষের বাঁশির সুর শ্রবণে আসে ধেঁয়ে
একাকিচিত্তে একমনে থাকি চেয়ে
       তাদের মনে তখন বসন্ত
      আমার শরীর বড়ই ক্লান্ত
বলহীন, ভারসাম্যহীন হয়ে উঠে দাঁড়াই
পা বাড়াতেই বারবার পিছলিয়ে যাই
বসে থাকি, চেয়ে থাকি কারও অপেক্ষায়
এই বুঝি, এক্ষুণি কেউ ডাকবে আমায়
     আওয়াজ আসে না তখনো ভেসে
     দুঃখের সাগরে আমি যাই মিশে।
ঝাপসা চোখে দেখি এক আগুন্তুক
নিবৃত্তি নিয়ে চেয়ে দেখে আমার মুখ
         সুধায় তখন আমায়,
     "প্রিয়, কি দিবো তোমায়?
আমার আছে সেই ঘুণে ধরা স্বপন
যা তুমি অজান্তে করেছিলে বপন।"
--------------------------------------------------
২১.০১.২০১৯
সোনারগাঁ

Tuesday, November 27, 2018

বোধ

ব্যর্থতার ডাক শুধু শুনতে পাই চারদিকে
কেন মানুষ ছুটে চলে ঐ সফলতার ডাকে?
মনের ভিতর শুধু বোধ উঠে জেগে,
'পঞ্চইন্দ্রিয়ের স্বাদ যেখানে বেঁধে রাখতে হয়,
                         সেখানে কেইবা সফল হয়!'
তাই আমি লালন করি ব্যর্থতাকে
দুঃখ রূপে
         ব্যাধি রূপে
                জমা করি বুকের খুব গভীরে।
রক্তক্ষরণ হয়,
         পুঁজের আস্তরণ পড়ে।
তবুও আমি আশা নিয়ে থাকি,
                    আমি স্বপ্ন দেখতে থাকি,
একদিন এই ব্যাধিই
          ঝিনুকের ব্যাধির মতন
               পরিণত হবে নিটোল মুক্তোয়।
হয়ত আমি দেখবো, হয়তো না;
হয়ত আমি জানবো, হয়তো না;
             একদিন ঝুলবে কারও গলায়।
__________________________________
২৪.১১.১৮
সোনারগাঁও

Monday, September 3, 2018

সবকিছু ভেঙ্গে পড়ছে

সবকিছু ভেঙ্গে পড়ছে;
আকাশ-মাটি-রমনীর শাড়ি, 
নষ্ট হয়ে যাচ্ছে সব।
কাক-শকুন; আমাদের বিলিয়ে দেওয়া মাংস গুলোকে
আনন্দ সহিত খাচ্ছে।
ফেলে যাচ্ছে নোংরা কিছু পালক,
এই পালককে আকড়ে ধরে 
আমরা উড়ছি অলৌকিক উড়োজাহাজে।

কিন্তু আমরা ভুলে যাচ্ছি 
আমাদের শরীর কতটা ক্ষতবিক্ষত, কতটা কুৎসিত!
আমাদের ক্ষত শরীরের প্রতিটা অঙ্গ একেকটি পুস্প ছিল
তা দিনদিন পঁচে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না।
আমরা এখনো কৃষ্ণ পক্ষের চাঁদকেই জোছনা দেখছি,
ভুলেই যাচ্ছি এই চাঁদ ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাবে,
সবকিছু ভেঙ্গে পড়ছে,সব চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে।

আমরা বাঙ্গালী: আমরাই আমাদের আততায়ী।।

___________________________________________

2012

প্রথম প্রেমের প্রথম ছোঁয়া


তোমাকে একটু ছুঁতে চাই, একটুখানিই ছোঁব;
যেমনটা চেয়েছিলাম বৃষ্টিকে।
বৃষ্টি আমাকে অগ্রাহ্য করেনি,
তুমিও নিশ্চয়ই করবে না!

বদ্ধ পুকুরে ঢিল ছুড়লে ঢেউ যেমনটা
আন্দোলিত হয়ে পাড়ের কিনারায় পৌছায়।
তোমার ছোঁয়ায় আমারও তার ব্যতিক্রম হবে না,
শিরা উপশিরা বেয়ে হৃদয়ে প্রবল ঢেউ সৃষ্টি হবে।

স্থির বিদ্যুৎ যখন জমা হয়ে থাকে
হঠাৎ স্পর্শে পুরো শরীরকে যেমনটা নাড়িয়ে দেয়।
তোমার ছোঁয়ায় আমারও তার ব্যতিক্রম হবে না,
কোষগুলোকে তরঙ্গায়িত করে মাংসপেশীতে প্রবল কম্পন হবে।

তোমাকে একটু ছুঁতে চাই;
বাড়িয়ে দাও হাতটি তোমার একটু মুষ্টিবদ্ধ করি
কিছুক্ষণের জন্য সকল অনুভুতি অনুভব করি।


----------------------------------------------------------
2012 

Monday, August 13, 2018

অনুকাব্য

১.

টুপটাপ শব্দের বৃষ্টির খেলায়
মর্মে বাজে তোমারই গান
ঘরের কোনে সন্ধ্যাবেলায়
তোমাকেই খোঁজে আমারই প্রাণ।



২.

সবুজ সুন্দর মিষ্টি আবহাওয়া
মম হৃদের একটুখানি চাওয়া
       প্রিয়, তোমার পানে আসা
       হাতটি ধরে পাশাপাশি বসা
অস্থিরতার আবরণে
      প্রণয়ে গভীর চুম্বনে
         সুখের তরীতে ভেসে যাওয়া।

৩.

মেঘের মত এলো চুলে
প্রিয়, তুমি কাছে এলে
         এই গোধুলী বেলায়
অপেক্ষার প্রহর ঘুচালে
হৃদয়ের তষ্ণা মিটালে
         তোমার হাসির মেলায়।
______________________________
২০১৫

বসন্তের অভিপ্রায়

এই সুন্দর সন্ধায় হাটতেছি শহুরে পিচঢালা পথে
ধুলিকনা উড়িয়ে বইছে চঞ্চল দখিনা বায়
সবকিছু ছাপিয়ে প্রকৃতির গৌরব উঠিয়াছে মেতে
গুনগুনিয়ে চারিপার্শ্ব যেন বসন্তের গান গায়।

তবুও ক্লান্ত আমি, এই যান্ত্রিক আর ব্যাস্ত শহরে
নাহি পাওয়া যায় সবুজ আমের মুকুলের গন্ধের স্বাদ
গলা উচিয়ে দাঁড়িয়ে থাকা বড় বড় ইট-কুঠিরে
দেখা নাহি মিলে বৃক্ষের আড়ালে ঊষার খেলার প্রাত

মন তখনি চলিয়া যায়, ফেলে আসা আমার ছোট্ট গায়
যেখানেই শিকড় সেখানে বিরাজ কবির সকল অভিপ্রায়।
________________________________________________
২৯/০১/২০১৫
পলাশী, ঢাকা

রাজ্য

রাজ্য যখন রত্নে ভরা
দুই রাজা তখন মাতোয়ারা
সোনার মুকুট পড়বে কখন
দু'চোখেতে তাদের স্বপ্ন ভরা।

সোনার আসন করবে শাসন
রাজারা হয় যে তখন পাগল
লড়ে সৈন্যরা, দেখে তাহারা
আর প্রজারা তখন গরু-ছাগল।
___________________________
০৩/০২/১৫
ঢাকা

জন্মদিনে

নব বসন্তের পদার্পণে
         সত্তার নব জাগরণে
নব চেতনায়, নব স্বপনে
        মুখোরিত হোক তোমার জীবন।
আজ এই শুভদিনে
        উৎসব মুখোর আবরণে
লাল-নীল বর্ণীল রঙে
        নেমে আসুক সুখের প্লাবন।
______________________________
১৯/১২/১৪
সোনারগাঁ

Sunday, August 12, 2018

যায় নাকো কভু ভোলা

আমারই ভূবনে               আমারই গগনে
         শুধুই তোমারি পথ চাহি
ভালোবাসার তরে          ডুবিয়াছি মরে
            ফিরিবার পথ নাহি।
ঠেলিয়াছো দূরে           হঠাৎ আমারে
       দাওনি ভূবন জুড়ে ঠাই
জানো নাকো তুমি       এই হৃদয়ে আমি
      শুধু তোমারে খুঁজিয়া পাই।
জ্বলিতেছে আগুন     নেই মনেতে ফাগুন
      তোমারই বিচরণের অভাবে
হৃদয় কুঠিরে              আলোক নাহিরে
       দ্বীপ্তিরূপে কি কভু আসিবে?
অনুক্ষণ ভরিয়া           যায় শুধু খেলিয়া
          স্মৃতির পাতার খেলা
বৎসর চলিয়া যায়      তোমারে আপনায়
         যায় না কভু ভোলা।
______________________________________
০৪/১১/১৪
ঢাকা

বিধাতা তুমি

আপন সৃষ্ট জগতে পেয়েছি তোমায় বিধাতা রুপে
করেছিলে নিপুণ চারুশিল্পে গোলাপ ফোঁটা মম চিত্তকে
নিদারুণ সাধনায়-তোমার দয়ায় পেয়েছি তোমারি স্বর্গকে।
তবে কেন নিক্ষেপ করলে নরক-জ্বালাময় উত্তাপে?

ইশ্বর তুমি, অবিনশ্বর তুমি,তোমার মহিমায় নিরুপায় আমি
মম তপস্যা বিষাক্ত নীলিমা,প্রার্থনা তবুও ছাড়িনি প্রভু।
বিছিয়ে রেখেছি পিয়াসী হৃদ,তোমার লীলা বুঝিনি কভু!
চিত্ত নিবেদন স্বর্গের কামনা-বাসনায়, আমার পূজারী  তুমি

____________________________________ 

২০১২ সালের লেখা 

অপেক্ষা

তুমি কি শুনতে পাও? আমার হৃদয় যে-
                      বারবার উচ্চারণ করছে তোমারই নাম।
তুমি কি দেখতে পাও? আমার চোখের জলে যে-
                     
মিশে আছে তোমায় নিয়ে আঁকা স্বপ্ন


আমি জানি-
তুমি সব শুনতে পাও, দেখতে পাও
তুমি থাকো শুধুই নিশ্চুপ, বুকে চাপিয়ে রাখো সব।
জড়তায় তুমি কিছু বল না
কিন্তু প্রকৃতি যে আমায় সব বলে দেয়।
প্রকৃতি যে এক করেছে আমাদের মন প্রাণকে।
তারপরও কি তুমি মুখ ফুটে কিছু বলবে না?

আমি জানি-
একদিন বলবে, সমস্ত জড়তা কাটিয়ে
তখন তুমি যে কোন বাধাই মানবে না।
আমাকে আলিঙ্গন করে ওষ্ঠধর কেঁপে কেঁপে বলবে
ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি


আমি যে অপেক্ষায় আছি এই মধুর সময়ের জন্য;
অপেক্ষায় আছি তোমার গ্রীবাকে রংঙিন করবার জন্য;
অপেক্ষায় আছি তোমার ললাট-কপোল-চিবুক স্পর্শ  করার জন্য;
অপেক্ষায় আছি তোমার ওষ্ঠে  উত্তাপ ছড়িয়ে দেওয়ার জন্য

আমি জানি-
তখন তুমি মাকে কোন বাধা দিবে না।
সর্বস্ব বিলিয়ে দিবে আমায়। তুমি জান-
আমার সকল ভালোবাসা শুধুই তোমার জন্য,
আমার সকল অনুভূতি শুধুই তোমার জন্য





-------------------------------------------------
২০১১-২০১২ সালের লেখা 

দালালগুলো

চাটারগুলো দাঁড়িয়ে অাছে আজ তারা অন্ধ
মানুষরূপী! তবুও তাদের গাঁয়ে জানোয়ারের গন্ধ
জিভে তাদের লেপ্টে থাকা চেঁটে খাওয়া জুতার ধুলো
হাঁ করে দেখিয়ে বেড়ায়,
কে দিবে পাছায় তাদের চায়না মুলো!!!

রক্তপিপাসু, চড়ে বেড়ায় রক্তের পিপাসায়
যখন যাকে পায় তাকেই ধরে ধরে কামড়ায়
পিয়াস মিটায়, দম্ভে দেখায় তাদের কাঁচকলা
আরে গাধারা!!
        আজকের কিশোররাই আগামীর
                              হ্যামিলনের বাঁশিওয়ালা।

--------------------------------------------------------------------------
০১/০৮/২০১৮
সোনারগাঁ 

কবি



                  ক্ষনে ক্ষনে মনে মনে
              ভেসে উঠে তোমারই ছবি
      তোমার জন্যেই লিখলাম কত কবিতা
              হয়ে উঠলাম আমি কবি।
               
                কত কবির কত প্রেম নিয়ে
                   কত সব কবিতা সৃষ্টি
               ঠিক তেমনি তুমি আমার
              হৃদয়ের গহীনে অন্তস্থ দৃষ্টি।

               আমায় যত করবে  গ্রহন,
                     করবে যত দান
        মানব জগতে সূর্য হয়ে উদিত হবো
             হয়ে উঠবো আমি মহীয়ান।

         আর যদি ঠেলে দাও আমায় দূরে,
                     চলে যাও সুদূরে
              ঋনি হবো পৃথিবীর তরে
        পারব না হতে যে সবার আদুরে।
        আকাশে তাকাব, অন্ধকার দেখব
             বিষাদ ভরা থাকবে এ মন
       কেঁদে কেঁদে ভাসাব, জীবন ফাঁসাব
                  শুনবে তুমি তখন।

___________________________________
___________________________________

১৯.০৭.১৪; সোনারগাঁ

স্বপ্নগুলো

আজ মুখোর ঝড়ের দিনে আমার চোখের স্বপ্নগুলো দূর আকাশ হতে ঝড়ে পড়ে বৃষ্টির সাথে পত্র-পল্লবে নেঁচে বেড়ায়, গেয়ে যায় নতুন শাখার সুরের তালে, মিশে যায়...